এই সার্চ কমিটি যাদের দিয়ে করেছে, সব সরকারের লোক: মির্জা ফখরুল

এই সার্চ কমিটি যাদের দিয়ে করেছে, সব সরকারের লোক: মির্জা ফখরুল
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৩০

নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই অনাস্থা জানিয়ে রাখলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটির চূড়ান্ত কাজ চলার মধ্যে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, এই সার্চ কমিটি যাদের দিয়ে করেছে, সব তাদের (সরকারের) লোক। আজকে (মঙ্গলবার) আবার নাকি সেটার নামগুলো পাঠাবে প্রেসিডেন্টের কাছে। যাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। দেখা যাবে যে, সেই হুদার (কে এম নুরুল হুদা) মতোই লোক হবে। মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সর্বশেষ বৈঠকের আগ মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে কৃষক দলের এক প্রতিবাদ সভায় তা নিয়ে কথা বলেন ফখরুল।

তিনি বলেন, আবার নির্বাচিত হবার জন্যে এখন তারা (সরকার) তাদের মতো করে নির্বাচন কমিশন গঠন করবে। এই কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি গঠন করেছে, আইনও তৈরি করেছে। সবগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর জন্য। বিদায়ী সিইসির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে তছনছ করে দিয়েছে, কিচ্ছু নাই এটার মধ্যে। তার ট্রায়াল করতে হবে, তার বিচার করতে হবে। তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আজকে যারা মানুষের ওপর অত্যাচার করছে, নির্যাতন করছ- যেমন কালকে (সোমবার) সুনামগঞ্জে একজন গ্রেপ্তার করে নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত দিন ধরে আন্দোলন করল। বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বৃদ্ধি করছে বার বার। কারণ একটাই শুধু চুরির জন্য। সরকারকে জবাব দিতে হবে কেন চালের দাম বাড়ল? যে চাল আমাদের সরকারের আমলে ছিল সর্বোচ্চ ১৭/১৮ টাকা সেটা এখন আপনার ৬০/৭০ টাকা বিক্রি হচ্ছে মোটা চাল। কেন সয়াবিন তেলের দাম বাড়ছে? যেটা আমাদের সময় ছিল ৫৪ টাকা সেটা এখন ১৮০ টাকা। দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

ইউডি/সুপ্ত

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ১ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৩২ কোটি ১১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, দর কমেছে ১৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৭ পয়েন্ট কমেছে। সিএসইতে এদিন ২৪ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading