শরীফের বিষয়ে রিটের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আদেশের আবেদন জানানো ১০ আইনজীবীকে সংক্ষুব্ধ হয়ে থাকলে রিট আবেদনের পরামর্শ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ওই আইনজীবীদের দেয়া চিঠির বিষয়টি নজরে আনা হলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই পরামর্শ দেয়।
এর আগে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী দুদকের চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক শরীফের অপসারণের ঘটনায় এই বেঞ্চে চিঠি দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সংশ্লিষ্ট বেঞ্চের আইন কর্মকর্তাকেও ওই চিঠি দেওয়া হয়। মঙ্গলবার চিঠি দেওয়া আইনজীবীদের মধ্যে মোহাম্মদ শিশির মনির বিষয়টি আদালতে তুলে ধরেন। এসময় চিঠিটি পেয়েছেন বলে জানান বেঞ্চের দুই বিচারপতি।
পরে আদালতের দেওয়া পরামর্শে বলা হয়, এ বিষয়ে সংক্ষুব্ধ হলে রিট আবেদন নিয়ে আসতে পারেন। এ বিষয়ে গণমাধ্যমকে শিশির বলেন, এখন আমরা নিয়মিত আবেদন নিয়ে আদালতে যাব, সেই প্রস্তুতি নিচ্ছি। আগামীকালই তা আদালতে উপস্থাপন করা হবে।
শরীফ উদ্দিনের অপসারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, প্রতিবেদন যুক্ত করে চিঠিতে বলা হয়, প্রতিবেদনগুলো পড়ে আমাদের কাছে মনে হয়েছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং একই সঙ্গে তা জনস্বার্থ সংশ্লিষ্ট। এ ধরনের ঘটনা বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের পথে অন্তরায়। দুর্নীতি প্রতিরোধে গৃহীত বহুমুখী পদক্ষেপ মুখ থুবড়ে পড়বে। দুর্নীতি রোধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভীতিকর পরিবেশে থাকবেন এবং আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে নিরুৎসাহিত হবেন।
সুপ্রিম কোর্ট (হাই কোর্ট) রুলস ১৯৭২ এর ১১(ক) অধ্যায়ের ১০ বিধি অনুযায়ী ওই চিঠি দেওয়া হয়। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী ওই চিঠিটি আবেদন হিসেবে গ্রহণ করার আরজি জানানো হয়েছিল। চিঠিতে নাম থাকা বাকি আইনজীবীরা হলেন- রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মুস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আব্দুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।
ইউডি/সুপ্ত

