দেশের মানুষ উৎসবমুখর নির্বাচন দেখতে চায়: জিএম কাদের
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২১:১০
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ ভোটের ওপর আস্থা হারিয়ে আর ভোট কেন্দ্রে যেতে চায় না। দেশের মানুষ উৎসবমুখর নির্বাচন দেখতে চায়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, এখন নির্বাচন হচ্ছে খুনোখুনি আর আতঙ্কের নাম। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে নির্বাচনমুখী করতে হবে। তাই, শক্তিশালী একটি নির্বাচন কমিশন দরকার। এ সময় সাবেক সেনা কর্মকর্তা লেফটেনেন্টে কর্নেল (অব.) তছলিম উদ্দিন পিএসসি জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
জিএম কাদের আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দেবে তা দেশের মানুষ জানতে চায়। সার্চ কমিটির দেয়া প্রস্তাবনা প্রকাশ করা উচিত। আমরা প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব দিয়েছিলাম। নির্বাচন কমিশন আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেওয়া হয়নি। তাই, নির্বাচন কমিশনকে দলীয় সরকারের প্রতি মুখাপেক্ষী হতে হবে। এজন্যই ক্ষমতাহীন নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরুহ হয়ে পড়বে।
ইউডি/সুপ্ত

