১৩০ দেশের চলচ্চিত্রে মেতেছে ঢাকা
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:০৫
‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ স্লোগানে শুরু হয়েছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০২২। এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে।
এবারের উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে বুসান, কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকোর্নো-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা মোট ৪টি করে প্রদর্শিত হবে।
এ প্রদর্শনের জন্য জমাকৃত ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্রের মধ্যে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত করে। মোট সাতটি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্র প্রদর্শনীর মূলকেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন। এ ছাড়াও থাকছে সংগীত ও নৃত্যশালা মিলনায়তন, জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তন এবং বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্র।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পতাকা উত্তোলন ও প্রদ্বীপ প্রজ্বালনের মধ্য দিয়ে তিনি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। কে এম খালিদ বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি, প্রতিটি জেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র করব। সেই জায়গায় একটি সিনে কমপ্লেক্স থাকবে। আপাতত প্রায় ১০০টি উপজেলায় একটি পাইলট প্রজেক্টের মাধ্যমে এর বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ১৯৮৮ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উপমহাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। সে হিসেবে গত ৩৪ বছর ধরে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমন্ত্রী এ সময় উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য করেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০২২ কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রেসিডেন্ট জাহিদুর রহিম অঞ্জন। স্বাগত বক্তৃতা করেন উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী। উৎসব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ বলেন, এবারের উৎসবে মুক্তিযুদ্ধটাই আমাদের ফোকাস।
আন্তর্জাতিক এ উৎসবে প্রতিবছর একজনকে ‘হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার’ দেয়া হয়। এ বছর পুরস্কারটি যৌথভাবে পেয়েছেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তানভীর মোকাম্মেল এবং মানজারে হাসিন মুরাদ।
ইউডি/সুপ্ত

