শতভাগ দিয়ে ১০ পয়েন্ট নেয়ার চেষ্টা করবো: মিরাজ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামে আগামীকাল সোমবার মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সোমবার তাই টাইগারদের সামনে ধবলধোলাইয়ের সুযোগ। কিন্তু সেই ভাবনা থেকে সরে এসে ১০ পয়েন্টকেই লক্ষ্য বানাবে টাইগাররা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রবিবার বাংলাদেশ স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ এসব কথা জানান।
তিনি বলেন, আমাদের সামনে অনেক সুযোগ আসবে। আবার চ্যালেঞ্জও আসবে। এই দশ পয়েন্ট নিতে পারলে চ্যালেঞ্জ নেয়া কিছুটা সহজ হয়ে যাবে। কালকের ম্যাচটা শতভাগ দিয়ে দশটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করবো। ম্যাচ নিয়ে নেগেটিভ কিছু ভাবছি না।
প্রতিপক্ষকে ওয়ানডে ফরম্যাটে ১৫বার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ওই তালিকায় নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলও আছে। এবার টাইগারদের সামনে আফগানদের ওয়ানডে ফরম্যাটে বাংলাওয়াশের স্বাদ দেয়ার সুযোগ।
ওয়ানডে সুপার লিগে নিউজিল্যান্ডে গিয়ে ধবলধোলাই হয়ে এসেছে বাংলাদেশ। চলতি মাসে আছে দক্ষিণ আফ্রিকা সফর। আইরিশদের মাটিতে ও ইংল্যান্ডের বিপক্ষে হোমে সিরিজ আছে তামিমদের। ২০২৩ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে অন্তত ১৫০ পয়েন্টের লক্ষ্য ধরে এগোনো বাংলাদেশ কোন দলকে ছোট করে দেখছে না। ওই বার্তায় দিলেন মিরাজ।
ইউডি/সুপ্ত

