নির্বাচন একটা চ্যালেঞ্জ, ভয় পেলে হবে না: সিইসি

নির্বাচন একটা চ্যালেঞ্জ, ভয় পেলে হবে না: সিইসি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:০০

নতুন ইসির দায়িত্ব নেয়া কাজী হাবিবুল আউয়াল বলেছেন, চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন না তিনি। রবিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির কাছ থেকে সিইসি হিসেবে শপথ নিয়ে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মানুষের জীবনটাও চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন একটা গুরুত্বপূর্ণ জিনিস। জাতীয় হোক, স্থানীয় নির্বাচন হোক। চ্যালেঞ্জ যেটা এখনও বুঝে উঠিনি। দায়িত্ব নিলে চারদিকে তাকিয়ে বুঝব আসলে চ্যালেঞ্জ আছে কি না? সেই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করতে হবে, সে লক্ষ্যে আমাদের দৃষ্টিভঙ্গি, কর্মপন্থা নেব, কৌশল নিরূপণ করব।

দায়িত্ব যে শুধু ইসির নয়, সেটা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন করে না। নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কমিশনও সবার সহযোগিতা আদায় করে নেবে। তিনি বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, আগামী নির্বাচন আমি যে সহকর্মী পেয়েছি ওদের উপর আমার আস্থা আছে। আমার উপর তাদের আস্থা আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দেওয়ার চেষ্টা করব।

সিইসি বলেন, আমরা মাত্র শপথ নিয়েছি। সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েই আমাদের দায়িত্ব আরোপিত হয়ে গেছে। বাস্তব দায়িত্ব কার্জস্থলে গ্রহণ করিনি। আগামীকাল যাব, আমরা সহকর্মীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করব। ভাবের আদান-প্রদান করব। সংবিধানে, আইনে আমাদের কী কী দায়িত্ব আরোপিত হয়েছে, সেগুলো জানব। ভবিষ্যতে এ দায়িত্ব কীভাবে পালন করব, এ মুহূর্তে বলতে পারব না; আগামীতে আরেকটু ঋদ্ধ হয়ে, লেখাপড়া করে জেনে গণমাধ্যমে কথা বলতে পারব।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading