দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে নতুন কমিশন: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:০৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চলমান গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নির্বাচন কমিশন ‘অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।রবিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি আহ্বান জানিয়ে বলেন, শুধু রাজনৈতিক ফায়দার জন্য নির্বাচন কমিশনকে নিয়ে কোনো অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত না হয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, আমাদের প্রস্তাবিত নাম বাদ পড়লেও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হওয়ায় আমরা সস্তুষ্ট। গঠিত নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা আশা করি, নবগঠিত নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যগণ তাদের দায়িত্ব এবং কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দেশের মানুষ যাতে ভোটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে, সে বিষয়টি সুনিশ্চিত করবেন।
নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনগুলো যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়াদুল কাদের। তিনি বলেন, আমরা আশা করি, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলসমূহ সে দায়িত্ব ও কর্তব্য পালন এবং গণতন্ত্রের রীতিনীতি অনুসরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।
নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপির প্রতি দেশের জনগণের কোনো প্রকার আগ্রহ নেই। তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন ও হতাশাগ্রস্ত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এই রাজনৈতিক দেউলিয়াত্বের ফলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। তাদের লক্ষ্য নির্বাচন নয়, হত্যা-ক্যুু-ষড়যন্ত্র সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে ক্ষমতা দখল করা।
ইউডি/সুপ্ত

