টি-টোয়েন্টিতে মিরপুরে শতভাগ দর্শক, টিকিট সর্বনিম্ন ১০০ টাকা

টি-টোয়েন্টিতে মিরপুরে শতভাগ দর্শক, টিকিট সর্বনিম্ন ১০০ টাকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৬:১৭

কখনও ধারনক্ষমতার ২৫ শতাংশ, কখনও ৫০ শতাংশ, কখনও বা কয়েক হাজার, এভাবেই চলছিল মহামারীকালে মাঠে দর্শক প্রবেশের অনুমতি। এবার খুলে যাচ্ছে সেই নিষেধাজ্ঞার বাঁধন। বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি পুরো উন্মুক্ত থাকছে দর্শকের জন্য।

চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চার হাজার টিকিট ছেড়েছিল বিসিবি। দর্শক চাহিদার কথা বিবেচনা করে পরের দুই ম্যাচে টিকিট ছাড়া হয় ১০ হাজারের মতো। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, এবার মিরপুরে গ্যালারি ফিরছে আগের চেহারায়।

তিনি বলেন, সরকারী বিধিনিষেধ উঠে গেছে। কোভিড শনাক্তের হারও অনেক কমে গেছে। আমাদের মনে হয়েছে, পুরো গ্যালারিতে দর্শক এখন ফেরাতে পারি আমরা। আশা করি, আগের মতোই আবার প্রাণ ফিরবে গ্যালারিতে। আমাদের ক্রিকেটাররাও উজ্জীবিত হবে মাঠে দর্শক সমর্থন পেয়ে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ বৃহস্পতি ও শনিবার। বুধবার (২ মার্চ) থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। এই টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড বা ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা।

ম্যাচের আগের দিনের পাশাপাশি টিকিট মিলবে ম্যাচের দিনও। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি শুরু হবে দুপুর ৩টায়। কোভিড মহামারীর শুরুর পর গত নভেম্বরে পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক মাঠে ফেরে বাংলাদেশে। তবে সেবার ছিল ধারন ক্ষমতার ৫০ শতাংশ দর্শক।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading