অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে বিএনপিকে উপযুক্ত জবাব দেয়া হবে: হানিফ
উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৭:১৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনো অপকর্ম করার চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। বুধবার (২ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, যেকোনো বিষয়ে বিএনপি অপরাজনীতির ইস্যু খোঁজে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে আরো সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির মিথ্যাচার অপপ্রচার কোনো সন্ত্রাসী কর্মকান্ড মেনে নেওয়া হবে না, যেকোনো মূল্যে তাদের অপরাজনীতি নিশ্চিহ্ন করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিদিন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের দলের নেতারা প্রতিদিন টেলিভিশনে টকশোতে মিথ্যা কথা বলে যাচ্ছে। প্রতিনিয়ত মিথ্যা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে। তারপরও তাদের শান্তি হচ্ছে না। কথায় কথায় বলে আমরা তাদের কথা বলার সুযোগ দিচ্ছি না, দেশে কোনও গণতন্ত্র নেই। আর কোন গণতন্ত্র চায় তারা? আর কতো কথা বলতে দিলে তাদের মনে হবে যে গণতন্ত্র রয়েছে । বিএনপি যদি মনে করে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে, পেট্রল-বোমা মারলেই গণতন্ত্র আছে তাহলে সেটি বিএনপি আর দেখবে না। এমন গণতন্ত্র তাদেরকে আর দেওয়া হবেনা।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একাধিক বার বলেছিলেন, সরকার চাইলে নির্বাচন কমিশন গঠন আইন একদিনে পাশ করতে পারে। বিএনপির দাবির প্রতি শ্রদ্ধা রেখে আইনমন্ত্রী বিলটির খসড়া সংসদে উত্থাপন করলেন, সেখানে বিএনপি-জাতীয় পার্টিসহ সব দলের সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্তভাবে সংসদে উত্থাপন করলেন। সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হলো। বিলটি পাশ হওয়ার পরে তাদের বক্তব্য পাল্টে গেলো। এখন বলে সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন ও আইন তৈরি করেছে। বিএনপি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে। মিথ্যাচারের রাজনীতি করা ছাড়া বিএনপির আর কিছু নেই।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন খান আলমগীর, সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর ৪ আসনের এমপি শফিকুর রহমান, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল প্রমুখ।
ইউডি/সুপ্ত

