রাশিয়ার নাগরিকদের জেলেনস্কির আহ্বান: আপনারা রাস্তায় নামুন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৯:৩৫
জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার দখলে চলে যাওয়ার পর এর বিরুদ্ধে রাশিয়ার নাগরিকদেরকে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টিভিতে এক ভাষণে তিনি বলেছেন, রাশিয়ার জনগণ, আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই: এটা কি করে সম্ভব? সর্বোপরি আমরা একসঙ্গে ১৯৮৬ সালে চেরনোবিল বিপর্যয়ের বিরুদ্ধে লড়েছিলাম।
জেলেনস্কি বলেন, আপনারা রাস্তায় নামুন এবং আপনাদের সরকারকে বলুন যে, আপনারা বাঁচতে চান, আপনারা তেজক্রিয় দূষণ মুক্ত পৃথিবীতে বাঁচতে চান। তেজস্ক্রিয়তা জানে না রাশিয়া কোথায়, তেজস্ক্রিয়তা জানে না আপনাদের দেশের সীমান্ত কোথায়।
বিশ্লেষকরা অবশ্য বলছেন, জেপোরোজিয়া ভিন্ন এবং নিরাপদ ধরনের পারমাণবিক প্ল্যান্ট। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, এখন চুপ করে থাকার সময় নয়।বিস্ফোরণে ছড়িয়ে পড়া জ্বলন্ত গ্রাফাইট এবং এর শিকার যারা হয়েছেন তাদের কথা আপনাদের স্মরণ রাখতে হবে। ধ্বংস হয়ে যাওয়া পাওয়ার ইউনিটগুলোর দ্যুতির কথাও স্মরণে রাখতে হবে। এগুলো আপনারা কীভাবে ভুলবেন? আর যদি ভুলে না থাকেন, তাহলে আপনাদের চুপ থাকাও উচিত হবে না।
জেলেনস্কি জানান, তিনি বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। বিশ্ব নেতারা জেপোরোজিয়ায় যা ঘটছে তাতে স্তম্ভিত হয়েছেন। ইউক্রেনে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা করা এবং ‘পারমাণবিক শক্তিধর সন্ত্রাসী রাষ্ট্রের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্ব নেতাদেরকে আহ্বান জানাচ্ছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি।
ইউডি/সুপ্ত

