রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ৫ মার্চ ২০২২ । আপডেট ২১:২০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।’
শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউক্রেনে পাঁচ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, রাশিয়ান দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানি না। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশির তথ্য জানার চেষ্টা করছি। তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় নেওয়া হচ্ছে। ওখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও রাশিয়ার সঙ্গে ব্যাংক লেনদেন বন্ধের আশঙ্ক আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘এটি আমি জানি না এবং এ সম্পর্কে বলার সময় এখনো আসেনি।’
অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এজন্যই তো আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতও সহযোগিতা করছে। আমরা তাদের সহযোগিতা চেয়েছি।’
সিলেট রত্ন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সি এম তোফায়েল সামীর স্মৃতিচারণ করতে গিয়ে ড. মোমেন বলেন, ‘সি এম তোফায়েল সামী সব সময় জনগণের কল্যাণ চেয়েছিলেন। তিনি বিভিন্ন দপ্তরে যত তদবির করেছেন, সব মানুষের কল্যাণে করেছেন, নিজের জন্য কখনই করেননি। তিনি ছিলেন আমাদের সমাজের উজ্জ্বল নক্ষত্র। যেখানে মানুষের কল্যাণের জন্য কাজের প্রয়োজন হতো, তিনি সেখানেই ছুটে যেতেন। সি এম তোফায়েল সামীর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও পরোপকারী মানুষকে হারিয়েছি। সিলেটের উন্নয়নে তার অবদান সিলেটবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
সিলেট রত্ন ফাউন্ডেশনের সভাপতি ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে সি এম তোফায়েল সামীর ভাই সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামী, সি এম তোফায়েল সামীর ছেলে সি এম ফজলে সামী, সিলেট রত্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, পূবালী ব্যাংকের সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সি এম তোফায়েল সামী ২০২১ সালের ৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে মারা যান। তার নেতৃত্বে সিলেট রত্ন অ্যাওয়ার্ড, রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড, শিক্ষাবৃত্তি প্রদান, ত্রাণ বিতরণসহ নানা ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশ্ব সিলেট সম্মেলনেরও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সি এম তোফায়েল সামী লায়ন্স ক্লাব, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আজীবন সদস্য ছিলেন।
ইউডি/সুস্মিত

