৩ ঘণ্টা বরফে ডুবে বিশ্ব রেকর্ড

৩ ঘণ্টা বরফে ডুবে বিশ্ব রেকর্ড

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ মার্চ ২০২২ । আপডেট ১৩:১০

সড়কের মাঝে বড় আকারের স্বচ্ছ কাচের বাক্স। বাক্সভর্তি সাদা বরফ। সেটার চারপাশে উৎসুক মানুষের ভিড় জমেছে। ভিড় ঠেলে সামনে এলেন এক ব্যক্তি। ডুব দিলেন বরফের বাক্সে। এরপর আর ওঠার নাম নেই। টানা ৩ ঘণ্টার বেশি সময় ডুবে থাকলেন বরফে। এভাবেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

গিনেস বুকের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম ভালেরজান রোমানোভস্কি। পোল্যান্ডের অধিবাসী তিনি। তবে রেকর্ড গড়েছেন লিথুয়ানিয়ার উইলেনস্কির উইলনো শহরে। সেখানকার সড়কে তার জন্য ওই বড় আকারের স্বচ্ছ কাচের বাক্স স্থাপন করা হয়েছিল। এরপর বাক্সটি বরফে পূর্ণ করা হয়। সেই বরফে গলা অবধি ডুবিয়ে বসে ছিলেন রোমানোভস্কি। ওঠেন পাক্কা ৩ ঘণ্টা ২৮ সেকেন্ড পর।

এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি সময় ধরে বরফে ডুবে থাকার বিশ্ব রেকর্ড গড়েছেন রোমানোভস্কি। আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের রোমান ভানদেনদ্রপের দখলে। তিনি টানা ২ ঘণ্টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ড বরফে ডুবে থেকে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

রোমানোভস্কিকে নতুন রেকর্ড গড়তে কঠোর অনুশীল করতে হয়েছে। তিনি জানান, কয়েক বছর ধরে বরফ নিয়ে বিভিন্ন শারীরিক কসরত অনুশীলন করেছেন। তীব্র শীতে বাইরে ঘোরাফেরা করেছেন। বরফশীতল পানিতে নিয়মিত গোসল করেছেন। নিয়েছেন প্রশিক্ষণ। সর্বশেষ ছয় মাস ধরে বরফে কিংবা শীতল পানিতে ডুবে থাকার অভ্যাস গড়ে তুলেছেন। এভাবে বরফে দীর্ঘক্ষণ ডুবে থাকার জন্য নিজের মন ও শরীর প্রস্তুত করেছেন। এরপরই রেকর্ড গড়তে পেরেছেন। তিনি বলেন, ‘শরীর ও মন নিয়ে কাজ করা আমার নেশা। এটা আমাকে ভীষণ আনন্দ দেয়।’

এটা রোমানোভস্কির প্রথম বিশ্ব রেকর্ড নয়। এর আগে সাইকেল চালিয়ে ১২ ঘণ্টায় ৩১৪ দশমিক ৬৫ কিলোমিটার বা ১৯৫ দশমিক ৫১ মাইল পথ পাড়ি দিয়ে পুরুষ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। তাঁর আগে এত কম সময়ে সাইকেল চালিয়ে এতটা পথ পাড়ি দেননি আর কেউ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading