সবুজ বিপ্লবের সূচনা ও বঙ্গবন্ধুর কৃষি দর্শন
জাহিদ মোস্তফা । মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ । আপডেট ১৩:১০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম কৃষকদের দিকে নজর দেন। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন কৃষির উন্নতি ছাড়া এ দেশের মানুষের মুক্তি আসতে পারে না। ক্ষুধা নিবারণের জন্য খাদ্যের জোগানদাতাদের বঙ্গবন্ধু তাই সর্বদাই সর্বোচ্চ স্থান দিয়েছেন নিজের মনের মণিকোঠায়। তিনি যেমন তাদের ভালোবেসেছিলেন, তেমন তাদের ভালোবাসাও পেয়েছেন সর্বক্ষণ। কৃষকদের প্রতি ভালোবাসার টান ছিল বলেই তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করে গেছেন নিবিড়ভাবে। রাজনৈতিক কারণে তিনি দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন আজীবন। তার যাত্রাপথে এগিয়ে এসেছেন বাংলার কৃষকসহ সর্বস্তরের জনগণ। আর স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও সর্বক্ষণ কৃষক অন্তঃপ্রাণ ছিলেন বঙ্গবন্ধুকে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ১৯৭০-এর সাধারণ নির্বাচনের প্রাক্কালে পাকিস্তান টেলিভিশন ও রেডিও পাকিস্তানে এক ভাষণেও আওয়ামী লীগপ্রধান বঙ্গবন্ধু এ দেশের কৃষক সমাজের অধিকার সংরক্ষণের কথা বলেছিলেন। তিনি উল্লেখ করেন- এ যাবৎ বাংলায় সোনালি আঁশ পাটের প্রতি সীমাহীন অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। বৈষম্যমূলক বিনিয়োগ হার এবং পরগাছা ফড়িয়া ব্যাপারীরা পাট চাষিদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করছে। পাটের মান উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধির বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। পাটের ব্যবসা জাতীয়করণ, পাটের গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ এবং পাট উৎপাদনের হার বৃদ্ধি করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে পাট সম্পদ সঠিক ভূমিকা পালন করতে পারে।
আজ বঙ্গবন্ধু নেই, আছে তাঁর দর্শন, আদর্শ ও দিকনির্দেশনা। স্বল্পতম সময়ে একটি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন করে কৃষিকে ভিত্তি করে তিনি দেশ গড়ার যে ব্যাপক কর্মকাণ্ড শুরু করেছিলেন তার অন্তর্নিহিত আবেদনটি আজো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৃষিক্ষেত্রে সেই অগ্রযাত্রায় ধারাবাহিকতা তার সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রক্ষা করে আরো বেগবান করতে সক্ষম হয়েছেন। কৃষক বাঁচানোর জন্য যে রাজনৈতিক অঙ্গীকারের দরকার তা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের রয়েছে। বঙ্গবন্ধুর কৃষকপ্রীতির কথা মনে রেখেই বর্তমান সরকার কৃষকদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা হাতে নিয়েছে। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে সে কথা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন। টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তীকালে যে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন তা বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।
ইউডি/সুস্মিত

