দারাজের নামে অভিনব প্রতারণায় গ্রেফতার এক

দারাজের নামে অভিনব প্রতারণায় গ্রেফতার এক
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ । আপডেট ১৮:০৫

ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের নামে ভুয়া ফেইসবুক পেইজ বানিয়ে অবিশ্বাস্য অফার দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ায় বনানী থানার মামলায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম- আসমাউল ইসলাম। এসময় তার হেফাজত থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ও দারাজের নামে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক একাউন্ট জব্দ করা হয়।

সিটির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং অ্যান্ড ফেইক কারেন্সী টিমের সহকারী পুলিশ কমিশনার মান্না দে জানান, দারাজ বাংলাদেশ লিমিটেড-এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার দারাজ অনলাইন শপের নামে ভুয়া ফেসবুক একাউন্ট থাকায় গত ২৬ মে ২০২২ বনানী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় প্রতারক চক্রটিকে শনাক্ত করে গত মঙ্গলবার (২০ জুন ২০২২) নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে আসমাউলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসমাউল দারাজ অনলাইন শপের কয়েকটি ভুয়া ফেসবুক পেইজে ৬৫% ছাড়ে নতুন মোবাইল ফোন (সাথে একটি স্মার্ট ঘড়ি ফ্রি) বিকাশে ৫২০ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ পরিশোধের শর্তে ১২ ঘন্টায় হোম ডেলিভারি অবিশ্বাস্য অফার দেয়। আগ্রহী ক্রেতা অগ্রিম টাকা পরিশোধ করলে পণ্য ডেলিভারি না দিয়ে প্রতারণার মাধ্যমে সে অর্থ আত্মসাৎ করে এবং লিংক আইডিগুলো বন্ধ করে নতুন আইডি খোলে।
গ্রেফতারকৃতকে বনানী থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading