সোনার বাংলা গড়তে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু
নাসের মাহমুদ । শুক্রবার, ২৪ জুন ২০২২ । আপডেট ০৯:৪০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল শক্তি ছিল এ দেশের মানুষকে ভালোবাসা। একইসঙ্গে তিনি বাংলার মাটি, জল, সবুজ প্রকৃতি, পরিবেশকেও গভীরভাবে হৃদয়ে ধারণ করতেন। তাই তিনি উপলব্ধি করেন, সাড়ে সাত কোটি মানুষকে বাঁচাতে হলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিকল্প নেই। এ জন্যই স্বাধীনতার পরপর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু চিন্তায় প্রথমেই ছিল খাদ্য উৎপাদন বৃদ্ধি। খাদ্য উৎপাদন নিশ্চিত করতে না-পারলে সব উন্নয়ন কার্যক্রম ভেস্তে যাবে। তাই তিনি খাদ্যের বহুমুখিতার প্রতি গুরুত্ব দিয়েছিলেন।
সামগ্রিক কৃষি ক্ষেত্রের উন্নয়ন চেয়েছিলেন। সামগ্রিক কৃষিক্ষেত্রের মধ্যে শস্য, বীজ, তৈল, পশু সম্পদ, পোলট্রি যেমন গুরুত্বপূর্ণ; তেমনি অপরিহার্য বনজ সম্পদ, নদী, জলাশয় ও প্রকৃতি পরিবেশ সংরক্ষণ। তিনি যন্ত্রনির্ভর বৈজ্ঞানিক কৃষিব্যবস্থা চালু করতে প্রাতিষ্ঠানিক কৃষি, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ ও পরিবেশ সংরক্ষণে উদ্যোগী হন। বাংলা, বাংলার মাটি, জল, কাদা, নদী, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশকে বঙ্গবন্ধু নিবিড়ভাবে আত্মস্থ করেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনার মূল প্রেরণা ছিল তার দেশপ্রেম। বঙ্গবন্ধু বাংলাদেশের পরিবেশ প্রকৃতিকে, বাংলার মানুষকে জানতেন, চিনতেন, বুঝতেন তার হাতের তালুর মতো করে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষ ও পরিবেশ প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ থাকায় দেশকে আন্তরিকভাবে জেনেই বাংলার প্রকৃতির সবুজ রূপের প্রেমে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তিনি ১৯৭২ সালে ঢাকার রেসকোর্স ময়দানের ঘোড়দৌড় বন্ধের পর বৃক্ষ রোপণ করে তৈরি করেন সোহরাওয়ার্দী উদ্যান।
দেশের উদ্ভিদ বৈচিত্র্যে সংরক্ষণ ও শ্রেণিবিন্যাসকরণে বঙ্গবন্ধুর পৃষ্ঠপোষকতায় ১৯৭৫ সালের ১ জুলাই বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম প্রতিষ্ঠা লাভ করে। সবুজ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু অখণ্ড জমিতে সমবায়ী বহুমুখী খামারভিত্তিক আধুনিক চাষাবাদ, মানসম্মত বীজ উৎপাদন, বিতরণ, সুষ্ঠু সার ও সেচ ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর গুরুত্ব প্রদান করেন। ফসলের উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমিতে সবাইকে আধুনিক বৈজ্ঞানিক চাষাবাদে অংশ নিতে আহ্বান জানান বঙ্গবন্ধু। বর্তমানে বিশ্বজনীন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে যে কাঙ্ক্ষিত ধরিত্রীর প্রত্যাশা-তারই মূলকথা নিহিত রয়েছে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লবের সফল বাস্তবায়নের মধ্যদিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে।
ইউডি/সুস্মিত

