সূচকের সাথে বেড়েছে লেনদেনও
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ । আপডেট ১৫:১৫
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছো। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩২ কোটি ৪ লাখ টাকা বেশি। গত বুধবার ডিএসইতে ৮০৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/সুস্মিত

