রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ জুলাই ২০২২ । আপডেট ১৩:৪০

ঋতুচক্রে বর্ষাকাল চললেও প্রকৃতি যেন গত কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত। অবশেষে শ্রাবণের ৫ম দিনে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। চলতি মৌসুমে রাজধানীতে শ্রাবণের প্রথম বৃষ্টি হয় সোমবার। বুধবার (২০ জুলাই) দ্বিতীয় দফায় ভিজলো ঢাকার মাটি।

বুধবার ভোর থেকেই রাজধানীর আকাশ মেঘলা। বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় রাজধানীবাসীর মধ্যে সামান্য হলেও স্বস্তি এসেছে।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আজ ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। এতে করে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান বলেন, শুধু ঢাকায় নয় সারা দেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় কমে আসতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading