তবে কী বড় পর্দায় আসছেন অমি?
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ । আপডেট ২০:১০
বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয়। তার পরের গল্প কারো অজানা নয়। জনপ্রিয় এই ধারাবাহিকের নির্মাতা কাজল আরিফিন অমি। এবার বাতাসে ভেসে বেড়াচ্ছে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অমি। এই গুঞ্জনের সূত্রপাত তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি লিখেছেন ‘সিনেমা।’ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা মন্তব্য করে অমির নতুন যাত্রাকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, মনিরা মিঠু, মৌসুমী মৌ, অভিনেতা কচি খন্দকার, ফারুক আহমেদ, মাজনুন মিজান, ইমন প্রমুখ।
এদিকে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ কি সিনেমা হতে যাচ্ছে? নাকি কাজল আরিফিন অমি ভিন্ন নামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন? আর সেই সিনেমায় কি কাবিলা (পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবু (চাষী) অভিনয় করবেন? যদিও এসব প্রশ্নের কোনো উত্তর দেননি অমি। আপাতত বিষয়টি নিয়ে ‘স্পিকটি নট’ পলিসি গ্রহণ করেছেন এই পরিচালক।
তবে অমির ফেসবুকে ঘেঁটে দেখা যায়, ছবিসহ আরেকটি পোস্ট দিয়েছেন অমি। গত ৩১ জুলাই পোস্ট করা ওই ছবিতে দেখা যায় ধ্রুব টিভির কর্ণধার ধ্রুব গুহ, মোশন রকের কর্ণধার মাসুদুল হাসান, ক্লাব এলিভেনের কর্ণধার আকবর হায়দার মুন্নাকে। আর ক্যাপশনে লিখেন, ‘এটি ব্যয়বহুল একটি ছবি।’ নেটিজেনরাও এই পোস্টের সঙ্গে দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না। তাদের ভাষ্য ‘এবার বড় পর্দায় আসছেন অমি।’
ইউডি/সুপ্ত

