আরব আমিরাতে জয়: বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাসী করবে বলছেন মিরাজ
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৫:৪০
আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ।ম্যাচটি মিরাজের নিজেরও আলাদা করে মনে থাকবে হয়তো। ওপেন করে ম্যাচ সেরা হলেন যে প্রথমবার। মিরাজ বলছেন, বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস কাজ করবে আমাদের প্রতিটি ক্রিকেটারের জন্য।
গত এশিয়া কাপ দিয়ে তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফেরেন সাড়ে তিন বছরের বেশি সময় পর। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে। পরের ম্যাচে তার প্রত্যাবর্তন হয় ওপেনার হিসেবে। সেই চমকের রেশ মেখে তিনি আরও বিস্ময় উপহার দেন ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে। এরপর আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজ। প্রথম ম্যাচে ১৪ বলে ১২ রান করে আউট হয়ে যান। তবে তার আরেকটি পরিচয়ও তো আছে। সেখানে এই ম্যাচে সফল হন ঠিকই। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩ উইকেট নেন ১৭ রানে। দ্বিতীয় ম্যাচে আবার খেলেন ব্যাট হাতে কার্যকর ইনিংস। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট না হলে প্রথম ফিফটিও হয়তো পেতেন।
ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বললেন, দলের ভরসার প্রতি সুবিচার করতে পেরে তিনি স্বস্তি পাচ্ছেন। ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, আমার ওপর বিশ্বাস রাখা হয়েছে। তখন আমিও নিজের প্রতি বিশ্বাস রাখতে বাধ্য হয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে সবাই বিশ্বাস রেখেছে, সেটা দেখে আমারও নিজের প্রতি বিশ্বাস চলে এসেছে। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেখানে অনুশীলন করেছি, সুযোগ-সুবিধা পেয়েছি, এটা অনেক ভালো ছিল। আর যে ম্যাচ দুটি খেললাম, বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস কাজ করবে আমাদের প্রতিটি ক্রিকেটারের জন্য। এটা গুরুত্বপূর্ণ ছিল। এই সাতটা দিন আমাদের ক্রিকেটার কাজে লাগিয়েছে এবং খুব ভালো অনুশীলন করেছে।
ইউডি/সুপ্ত

