‘রাশিয়ার দখলে থাকা লিম্যান শহর মুক্ত করেছে ইউক্রেন’
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১২:০৫
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন দেশটির পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ লিম্যান শহর রাশিয়ার দখলমুক্ত করা হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের যে চারটি অঞ্চল রাশিয়া দখলে নিয়েছে লিম্যান শহরটি সেখানেই অবস্থিত। এটি পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত ও গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র।

রাশিয়া ইউক্রেনের এই চারটি অঞ্চলে গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিক অন্তর্ভূক্তির ঘোষণা দেয়ার পর সেখানে উভয়পক্ষে চূড়ান্ত লড়াই চলছিল। ইউক্রেনীয় বাহিনী মরনপণ লড়াইয়ে নামে। এক্ষেত্রে লিম্যান দখলমুক্ত করা ইউক্রেন বাহিনীর প্রথম বিজয়।ইউক্রেনের সেনাবাহিনী লিম্যানে প্রবেশের কথা জানিয়েছে।
এদিকে লিম্যান পুর্নদখলের খবর সংবাদ মাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। জেলেনস্কি তার ভাষণে বলেছেন, আমাদের সেনাবাহিনীর সফলতা কেবল লিম্যানেই সীমিত থাকবে না। এর আগে তিনি সপ্তাহের মধ্যে দনবাস অঞ্চলের আরো এলাকা নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার করেছিলেন।
ইউডি/সুপ্ত

