ঢাকা ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতি
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশে ফেরার পথে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো আজ এক বার্তায় জানানো হয়েছে, ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট সংক্ষিপ্ত যাত্রা বিরতির জন্য লন্ডনের স্থানীয় সময় আজ সকাল ৭টা ৩০ মিনিটে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে অবতরণ করেছে।এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।
এর আগে, শেখ হাসিনা ব্রিটেন ও আমেরিকায় তার ১৮দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় রোববার সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা) ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে, শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর এক রাষ্ট্রীয় সফরে লন্ডন যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্ঠিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস তার সিংহাসনে আরোহন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাতে ও অংশ গ্রহণ করেন। ১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। আমেরিকায় অবস্থানকালে, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সারাধণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইউডি/সুপ্ত

