ইউক্রেনে হামলা: রাশিয়াপন্থীদের নির্ভরতা ক্রিপ্টো মুদ্রায়ও

ইউক্রেনে হামলা: রাশিয়াপন্থীদের নির্ভরতা ক্রিপ্টো মুদ্রায়ও

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ২২:০৫

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে আধাসামরিক বাহিনীর জন্য তহবিল জোগাড়ে ক্রিপ্টো মুদ্রার ওপরও নির্ভর করছেন রাশিয়াপন্থীরা। তবে, এর পরিমান নগন্য। ক্রিপ্টোমুদ্রার বাজারবিশ্লেষক প্ল্যাটফর্ম টিআরএম ল্যাবসের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ক্রিপ্টোমুদ্রার মাধ্যমে চার লাখ ডলার সংগ্রহ করেছে রাশিয়াপন্থীরা।

সোমবার (৩ অক্টোবর) প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে আরও উঠে এসেছে, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট মিলিশিয়া বাহিনীর রসদ এবং ইউক্রেন সীমান্তের কাছাকাছি অঞ্চলে সামরিক প্রশিক্ষণের খরচ মেটাতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ আসছে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম ব্যবহারে। রাশিয়াপন্থী তহবিল সংগ্রাহকদের মধ্যে ‘টাস্ক ফোর্স রুসিচ’ আছে বলে জানিয়েছে টিআরএম ল্যাবস। দলটিকে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষে ইউক্রেইন যুদ্ধে অংশ নেওয়া ‘আধাসামরিক নব্য-নাৎসি’ বাহিনী হিসেবে আগেই চিহ্নিত করেছে আমেরিকার ট্রেজারি বিভাগ।

দলটির ওপর আগে থেকেই আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কথা উল্লেখ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে রেডিও এবং ‘থার্মাল ইমেজিং’ সরঞ্জাম কিনতে তহবিল সংগ্রহ করছে তারা। আর ড্রোন কেনার জন্য ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে ২১ হাজার ডলারের তহবিল সংগ্রহ করেছে ‘দ্য নভোরোসিয়া এইড কোঅর্ডিনেটর সেন্টার’; এর সিংহভাগ এসেছে বিটকয়েন হিসেবে। ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়া অভিযান সমর্থনের লক্ষ্যে সংস্থাটির জন্ম।

ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক হামলা শুরু করার পর থেকে পশ্চিমা শক্তি ও মিত্রদের একাধিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। রাশিয়াকে বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামো থেকে একঘরে করার ওই পদক্ষেপ নেওয়ার সময়ে সংশ্লিষ্ট অনেকেরই আশঙ্কা ছিল, ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে নিষেধাজ্ঞার বেড়াজাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে রাশিয়া। কিন্তু বিশেষজ্ঞদের মতে, তারল্য সঙ্কটে ভুগছে বৈশ্বিক ক্রিপ্টো মুদ্রা খাত। ফলে, চাইলেও প্রয়োজন মতো লেনদেন করতে পারছে না রাশিয়া। তবে, আকারে ছোট লেনদেন অব্যাহত রেখেছে রাশিয়ার সঙ্গে জড়িত আধাসামরিক বাহিনীগুলো; কেবল অতিপ্রয়োজনীয় সরঞ্জাম কিনছে তারা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading