‘কার্ল কুলব পুরস্কার’ পেলেন ড. ইউনূস

‘কার্ল কুলব পুরস্কার’ পেলেন ড. ইউনূস

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ২০:৩০

এবার কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে অসামান্য ও বহুমুখী অবদান রাখায় মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন তিনি। গত শুক্রবার জার্মানির ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ তাঁকে এই পুরস্কারে ভূষিত করেছে।

সোমবার (৩ অক্টোবর) ইউনূস সেন্টারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাউন্ডেশনের ৫০ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ড. ইউনূসকে এ সম্মাননা দেওয়া হয়। ‘পরিবার গুরুত্বপূর্ণ’- স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রতিষ্ঠানটি।

কার্ল কুবল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ডেপুটি চেয়ার ড. কার্সটিন হুমবার্গ এ উপলক্ষ্যে বলেন, ড. ইউনূস তার অসংখ্য নারী গ্রাহকদের সন্তান ও পরিবারের জন্য একটি অধিকতর সমৃদ্ধ জীবন নিশ্চিত করেছেন। ড. কার্সটিন বাংলাদেশি এই অর্থনীতিবিদের প্রশংসা করে বলেন, কোভিড-১৯, বৈশ্বিক উষ্ণায়ন, নতুন নতুন যুদ্ধ – পৃথিবীর নানাবিধ সংকটের সময় ইউনূস মানুষের জন্য আশার একটি বিশাল উৎস হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রফেসর ইউনূসকে তিনি ‘পরিবর্তনের পথিকৃত ও আশা-স্রষ্টা’ হিসেবে বর্ণনা করেন।

গত শুক্রবার জার্মানির ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ ড. ইউনুসকে পুরস্কার তুলে দেয়

সমাজসেবক কার্ল কুবল ও প্রফেসর ইউনূসের মধ্যে তুলনা করতে গিয়ে ড. কার্সটিন বলেন যে, তারা উভয়েই ১৯৮০-র দশকে মানুষের উদ্যোক্তা সত্তা বিকশিত করার মাধ্যমে সামাজিক লক্ষ্যসমূহ নিশ্চিত করতে কাজ শুরু করেন এবং উভয়েই মানুষকে সহায়তা করতে এমন সুচিন্তিত পদ্ধতি প্রয়োগ করেন যাতে তারা নিজেরাই নিজেদের সহায়তা করতে পারে। কুবল ও ইউনূস উভয়েই ব্যবসায় উদ্যোগ-ভিত্তিক উন্নয়ন সহযোগিতার পথপ্রদর্শক।

প্রসঙ্গত, উদ্যোক্তা কার্ল কুবল কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ ‘মানুষকে নিজেদেরকে সহায়তা করতে সহায়তা করার’ নীতিতে কাজ করে এবং জার্মানি ও বিশ্বের অন্যত্র অসহায়, সুবিধাবঞ্চিত শিশু ও পিতা-মাতাদের জন্য গত ৫০ বছর ধরে কাজ করে আসছে। জার্মানির দক্ষিণ হেস-এর বেনশাইমে প্রতিষ্ঠানটির সদর দফতর অবস্থিত।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading