সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি এর্নো

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি এর্নো

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:১৫

চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি এর্নো। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

অ্যানি এর্নোর জন্ম হয়েছে ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। এখন তার বয়স ৮২ বছর। অ্যানি এর্নোর সাহিত্য মূলত আত্মজীবনীমূলক, সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। ১৭তম নারী হিসেবে তিনি এই পুরস্কার জিতেছেন।

সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, সাহস ও ব্যবচ্ছেদীয় প্রখরতার সমন্বয়ে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করার জন্য’ তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অ্যানি এর্নোকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার বিষয়ে অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত শক্তিশালী বৈষম্য দ্বারা চিহ্নিত একটি জীবন তিনি ধারাবাহিকভাবে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করেছেন।

তার লেখা প্রথম উপন্যাস ‘লে আরমোয়ার বিড’ ১৯৭৪ সালে প্রকাশিত হয়। কিন্তু ২০০৮ সালে ‘লে আনি’ প্রকাশ হওয়ার পর তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। এটি ২০১৭ সালে ‘দ্য ইয়ার্স’ নামে ভাষান্তরিত হয়।

বইটি সম্পর্কে অ্যাকাডেমি বলেছে, এটি তার সবচেয়ে উচ্চাকাঙক্ষী প্রকল্প, যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এবং একদল অনুসারী ও সাহিত্যিক শিষ্য এনে দিয়েছে।

১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেওয়া হয়েছে। পেয়েছেন সব মিলিয়ে ১১৯ জন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যথাক্রমে ১৯১৪,১৯১৮ এবং ১৯৪০,১৯৪১, ১৯৪২ ও ১৯৪৩ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এর বাইরেও ১৯৩৫ সালেও সাহিত্যে কাউকে নোবেল দেওয়া হয়নি।

গেল ৩ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২০২২ সালের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সভান্তে পাবো। এবার পদার্থে ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার যৌথভাবে নোবেল পেয়েছেন। এছাড়া রসায়নে নোবেল জয়ী তিনজন হলেন—ক্যারোলিন আর. বের্তোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading