পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়: অমিত শাহ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:০০
ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের আলোচনা নয়। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার অভিযোগও এনেছেন তিনি। গত বুধবার (৫ অক্টোবর) ইন্ডিয়া-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে নিজের প্রথম জনসভায় এসব মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ার সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ানিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রথমবারের মতো কাশ্মিরের বারামুল্লায় বক্তৃতা করেন অমিত শাহ। এসময় শাহ ‘সত্তর বছর ধরে কাশ্মির শাসনকারী তিনটি পরিবারের’ বিরুদ্ধে নিজের ক্ষোভ তুলে ধরেন। অমিত শাহকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করার পরই ইন্ডিয়া-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অমিত শাহ বলেন, কিছু লোক আমাকে পরামর্শ দিচ্ছে যে, আমার পাকিস্তানের সাথে কথা বলা উচিত। যারা এখানে সত্তর বছর ধরে শাসন করেছে তারাও আমাকে এই পরামর্শ দিচ্ছে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, আমি পাকিস্তানের সঙ্গে কথা বলতে চাই না। আমি বারামুল্লার গুজ্জর ও পাহাড়িদের সঙ্গে কথা বলব। আমি কাশ্মিরের তরুণদের সঙ্গে কথা বলব। তিনি দাবি করেন, পাকিস্তান এখানে সন্ত্রাস ছড়িয়েছে। তারা কাশ্মিরের জন্য কী ভালো করেছে।
অমিত শাহ বলেন, ১৯৯০ সাল থেকে জম্মু ও কাশ্মিরে ‘সন্ত্রাসবাদের কারণে’ ৪২ হাজার মানুষ নিহত হয়েছে। তার দাবি, এই ৪২ হাজার মানুষের মৃত্যুর জন্য কে দায়ী? তিনটি পরিবার, যারা ৭০ বছর ধরে কাশ্মির শাসন করেছে, তারা দায়ী।
ইউডি/সুপ্ত

