সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে: মির্জা ফখরুল

সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে আর সময় দেওয়া যায় না। তারা এখন জাতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে শোক র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মানুষ জেগে উঠেছে, তরুণ-যুবকরা জেগে উঠেছে। আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা আরও রক্ত দেবো। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, পেছনে ফিরবো না। এ সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের ভোটে নতুন পার্লামেন্ট গঠন করে নতুন সরকার গঠন করা হবে, জনগণের সরকার গঠন করা হবে।

নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে শোক র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জের শাওন প্রধান, মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও যশোরের আব্দুল আলিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শোক র‍্যালি করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, রাজবাড়ীতে একজন নারী নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার দুইটা বাচ্চা আছে। কি অপরাধ? অপরাধ হচ্ছে সে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, লিখেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে। কেন? আপনি কি গড, বিধাতা যে আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। গণতান্ত্রিক দেশে যে কারো সমালোচনা করার অধিকার আছে, প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রের জন্য, সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রকে আমরা অবশ্যই রক্ষা করব।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading