শান্তিতে নোবেল পেলেন বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনের মানবাধিকার কর্মীরা

শান্তিতে নোবেল পেলেন বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনের মানবাধিকার কর্মীরা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৫০

নাগরিকদের মৌলিক অধিকারের প্রশ্নে বহু বছর ধরে লড়াই করে আসা বেলারুশের এক নাগরিক অধিকার কর্মী এবং ইউক্রেন ও রাশিয়ার দুই মানবাধিকার সংগঠন পাচ্ছে এবারের শান্তির নোবেল। নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার (৭ অক্টোবর) অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৩তম নোবেল শান্তি পুরস্কারের জন্য বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেইনের সেন্টার ফর সিভিল লিবার্টিসের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরার তাদের ভূমিকা অসাধারণ। শান্তি আর গণতন্ত্রের জন্য নাগরিক আন্দোলন কতটা জরুরি, সম্মিলিতভাবে তারা সেটাই দেখিয়েছেন। নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনা সমান ভাগে ভাগ করে নেবেন তারা।

বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গত সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। জিন গবেষণার মাধ্যমে মানব বিবর্তনের অজানা অধ্যায়ে আলো ফেলা সুইডিশ বিজ্ঞানী স্ভান্তে প্যাবো এবার চিকিৎসায় নোবেল জিতেছেন। মঙ্গলবার ঘোষণা হয় পদার্থবিদ্যার নোবেল। বিজড়িত ফোটন কণা নিয়ে কোয়ান্টাম বলবিদ্যার ‘যুগান্তকারী’ গবেষণার স্বীকৃতিতে এবছর পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী অ্যালেইন আস্পেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গার।

রসায়নে নোবেলবিজয়ী হিসেবে বুধবার আমেরিকার বিজ্ঞানী ক্যারোলিন আর বের্তোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল এবং আমেরিকার কে. ব্যারি শার্পলেসের নাম ঘোষণা করা হয়। দুটো অণুকে কীভাবে খুব সহজে জোড়া দেওয়া যায় এবং জীবন্ত কোষে কী করে সেই কৌশল খাটানো যায়, সেই পথের দিশা দেখিয়েছেন তারা।

আর সাহিত্যে নোবেলের জন্য গতকাল বৃহস্পতিবার ফরাসি লেখক আনি এর্নোর নাম ঘোষণা করা হয়। আগামী ১৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আর আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading