বিএনপি-জামায়াতের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ড. আব্দুর রাজ্জাক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ২১:১৫
বিএনপি-জামায়াত সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, বিএনপি পারলে জিয়াউর রহমানকে জাতির পিতা এবং খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা ঘোষণা করে ফেলতো। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকালে ঢাবির টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও স্মারক তুলে দেয় ছাত্রলীগ।
এমন আয়োজনের জন্য ছাত্রলীগকে অভিনন্দন জানান কৃষিমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান ও তার দল বিএনপি দেশকে উল্টোপথে নিয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা করছেন। এখনও অনেক কিছু আমরা করতে পারিনি। তবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন তিনি (শেখ হাসিনা)। তিনি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
ইউডি/সুপ্ত

