ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানের কাছে হারল নিউজিল্যান্ডও
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:০০
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রেখেছে পাকিস্তান। বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকেও উড়িয়ে দিল বাবর আজমের দল। হারিস রউফ-ওয়াসিমদের দুর্দান্ত বোলিংয়ের পর কাপ্তান বাবর আজমের চমৎকার ইনিংসে কিউইদের হেসেখেলে হারাল পাকিস্তান।
শনিবার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ৬ উইকেটে হেরেছে । ত্রিদেশীয় সিরিজে এই নিয়ে টানা দুই ম্যাচে জিতল পাকিস্তান। এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশকে ২১ রানে হারিয়েছিল ওরা।
পাকিস্তানের বিপক্ষে শনিবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৪৭ রান তোলে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ডেভন কনওয়ে। এ ছাড়া মার্ক চ্যাপম্যান ৩২ ও কেন উইলিয়ামসন ৩১ রান করেন। বাকিরা তেমন ব্যাট হাতে থিতু হতে পারেননি। ১০-এর ঘরও পার হতে পারেননি জিমি নিশাম, ইশ শোধি, মিচেল ব্রেসওয়েলরা।

বল হাতে পাকিস্তানের হারিস রউফ ২৮ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। সমান দুটি করে নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ। একটি নিয়েছেন ধানি।
জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। ৭৯ রানের দারুণ ইনিংসে পাকিস্তানের জয়ের নায়ক হয়েছেন বাবর আজম। মাত্র ৫৩ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ বাউন্ডারি দিয়ে। এ ছাড়া ৩৪ রান করেছেন শাদাব খান। ১৬ রান এসেছে নেওয়াজের ব্যাট থেকে।
ইউডি/সুপ্ত

