হত্যা ও গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:৫০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার দেশে বিচার বহির্ভূত কোন হত্যাকান্ড ঘটায়না। দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শনিবার (৮ অক্টোবর) সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন,সরকার চায় না দেশে কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী না। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।এ ধরণের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, হঠাৎ কোন একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ।
ইউডি/সুপ্ত

