মহানবী (সা.)-এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে: জিএম কাদের
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ২০:০০
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শনিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, রাসুল (সা.)-এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে।
বিবৃতিতে জিএম কাদের বলেন, আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। মহাপুণ্যময় এই দিনে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তাৎপর্যময় এই কল্যাণের দিনে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতি কামনা করছি। বিশ্বনবী সা.-এর জন্মদিনে বিশ্ববাসীর প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
জাপা চেয়ারম্যান বলেন, ৫৭০ খ্রিষ্টাব্দের এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্বনবী সা.কে দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মহানবী সা. মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্যা ও ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন তিনি। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হজরত মোহাম্মদ (সা.)। তাই বিশ্ব মুসলিম এবং শান্তিকামী মানুষের সামনে অত্যন্ত তাৎপর্যময় এবং মহাসম্মানিত এই দিনটি। মহাবিশ্বের রহমত হিসেবে প্রেরিত রাসুল সা.-এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়।
ইউডি/সুপ্ত

