নারায়ণগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষ: দুইজন নিহত, আহত চার
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:১৫
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় আজ বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় বাস-সিএনজি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন আড়াইহাজারের সফর আলী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিজ। অপরজন অজ্ঞাত পরিচয় পুরুষ (বয়স আনুমানিক ৫৫)। আহত চারজনের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন গণমাধ্যমকে জানান, হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ি পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, বাঁধন পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জ শহর থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।
এ দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ইউডি/সুপ্ত

