চট্টগ্রামে গণসমাবেশে মির্জা ফখরুল: আন্দোলনের মূল লক্ষ্য সরকারের বিদায়
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:২০
বিএনপির চলমান আন্দোলনের মূল লক্ষ্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিদায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে এমন অভিযোগও এনেছেন তিনি। বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও বক্তব্য রাখেন। তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, চলমান কর্মসূচিতে যারা বাঁধা দেয়, তাদের তালিকা প্রস্তুত করতে হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে দলের পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামের সমাবেশের মধ্য দিয়ে দেশব্যাপী ১০টি বিভাগীয় সমাবেশ শুরু করলো বিএনপি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এ পর্বের কর্মসূচি শেষ হবে। এরপর নতুন কর্মসূচি দেবে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের আন্দোলনের মূল লক্ষ্য শেখ হাসিনা সরকারকে বিদায় করা। এই সরকার দেশের সব অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা ক্ষমতায় এলে তেল-চাল-ডালসহ সব কিছুর দাম কমিয়ে আনবো। তারা বলেছে, “ঘরে ঘরে চাকরি দেবে।” তারা চাকরি দিয়ে ২৫ লাখ টাকা করে নিয়েছে। আমরাও চাকরি দেবো, তবে তা মেধার ভিত্তিতে।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেশকে শক্রমুক্ত করা করেছেন। স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমাদের বাক-স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। এখন আরেকটি লড়াই হবে। এই লড়াই হবে গণতন্ত্রের লড়াই। সারা দেশের অস্তিত্বের লড়াই।
নির্বাচন কমিশনে সম্প্রতি ডিসি-এসপিদের সভার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, এখন নাকি সরকার নির্বাচন করতে চাইছে। এই নির্বাচন কমিশনকে ডিসি-এসপিরাও মানেন না। আমরা আর কী মানব। ডিসি-এসপিরা শেখ হাসিনার কথা ছাড়া আর কাউকে মানেন না।
ইউডি/সুপ্ত

