পরমাণু হামলা চালালে রুশ বাহিনী নিশ্চিহ্ন হবে: বোরেল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৫৫
সম্প্রতি তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ। এই হুমকির জবাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাময়িক উন্নতি একাডেমির উদ্বোধনের সময় জোসেপ এই কথা বলেন। তিনি বলেন, রাশিয়া যদি হামলা চালায় তাহলে রাশিয়ার সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হবে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেন, যদি ইউক্রেনের বিরুদ্ধে কোনো পারমাণবিক হামলা করা হয়, তবে এমন হামলার পাল্টা জবাব দেওয়া হবে। রাশিয়ার বিরুদ্ধে ওই পাল্টা হামলায় পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না। তবে রাশিয়ার বিরুদ্ধে এমন সামরিক পদক্ষেপ নেওয়া হবে যাতে রুশ সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে। এ সময় তিনি ইউক্রেনকে সমর্থনকারী বিভিন্ন দেশ, ইইউ সদস্যভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একতা, শক্তি ও সংকল্প প্রদর্শন করার আহ্বান জানান।
এদিকে, ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় রাশিয়ার নিন্দা জানিয়েছে বিশ্বের সাতটি ধনী দেশের গ্রুপ জি-৭। পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে এর ফল ভোগ করতে হবে বলেও জানিয়েছে গ্রুপটি। এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
ইউডি/সুপ্ত

