দায়িত্বে অবহেলায় গ্রিড বিপর্যয়: সাময়িক বহিষ্কার হচ্ছেন দুই কর্মকর্তা

দায়িত্বে অবহেলায় গ্রিড বিপর্যয়: সাময়িক বহিষ্কার হচ্ছেন দুই কর্মকর্তা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৩৫

জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রবিবারের (১৬ অক্টোবর) মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, পিজিসিবির দুই কর্মকর্তার মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অপরজন উপ-সহকারী প্রকৌশলী। চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

পিজিসিবির তদন্ত প্রতিবেদন থেকে গ্রিড বিপর্যয়ের প্রথম কারণ হিসেবে ‘দায়িত্বে অবহেলাই’ পাওয়া গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রিড বিপর্যয়ের কারণ জানতে মূলত তিনটি কমিটি করা হয়েছিল। এরমধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। সে অনুযায়ী আপাতত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে আরও দুইটি তদন্ত কমিটি আমরা করেছি। এরমধ্যে একটি বিদ্যুৎ বিভাগের, এছাড়া বাইরের একটি কমিটি আমরা করেছি। তাদের প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগতে পারে। সব প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত সবগুলো কারণ বলা সম্ভব নয়। নসরুল হামিদ আরও বলেন, কোম্পানি আইন অনুযায়ী সরাসরি বরখাস্ত করা যায়। কিন্তু আমরা তা করবো না। আপাতত সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। গত শুক্রবার (১৪ অক্টোবর) এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এর পেছনে কারিগরি নয়, মূলত ব্যবস্থাপনা ত্রুটি ছিল।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading