জন্ম-মৃত্যু নিবন্ধন: শিগগিরই সার্ভার সমস্যার সমাধান
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৫০
বর্তমানে জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সার্ভারে ভোগান্তিতে পড়তে হচ্ছে। শিগগির এই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বর্তমানে জন্ম-মৃত্যু নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি কাজ করি এক বছরের মধ্যে সব সমস্যা সমাধান করা যেত। কিন্তু আমরা করি না। না করতে পারার কারণ- সিটি করপোরেশন করার কথা, কিন্তু সিটি করপোরেশনে তো পর্যাপ্ত জনবল নেই। নিবন্ধন প্রক্রিয়ায় সার্ভার জটিলতার কথা এসেছে। বিভিন্ন খাতে আমরা কোটি কোটি টাকা খরচ করি, কিন্তু জন্ম-মৃত্যু নিবন্ধনের সার্ভারের সক্ষমতা বাড়াতে টাকা হয় না। এর দায় আমি মন্ত্রী হিসেবে এড়াতে পারি না। কিন্তু আমরা তো বলে আসছি। সমস্যাগুলো বলে আসছি। যার সাথে জড়িয়ে আছে বাজেট। সংকটের মধ্যেও আমাদের কাজ করে যেতে হবে, যতই ঘাটতি থাকুক।

তাজুল ইসলাম বলেন, বলা হচ্ছে সার্ভার লোড নিতে পারে না। এ বিষয়টি আমরা নোট করেছি। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। সার্ভার সমস্যা সমাধানে প্রয়োজনে ৫-৭ কোটি টাকা মন্ত্রী হিসেবে ক্ষমতা বলে দেওয়া হবে। যেভাবে সিটি করপোরেশনকে আমরা প্রতি বছর মশা মারার মেশিন কিনতে টাকা দিয়ে আসছি।
দেশে এডিস মশা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশেরই এ সময়ে এডিস মশা বাড়ছে। সিঙ্গাপুরে আমাদের দেশ থেকে বেশি এডিস মশা। তারপরও আমরা কাজ করছি। এডিস মশার পরিমাণ বাড়ার কারণ থেমে থেমে বৃষ্টি। এর জন্য সিটি করপোরেশন আবার চিরুনি অভিযান চালানো হবে।
ইউডি/সুপ্ত

