দক্ষিণ সিটিতে অঞ্চল বাড়লেও জনবল বাড়েনি: মেয়র তাপস
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:০৫
জনবল সংকট ও সার্ভারের কারণে জন্ম-মৃত্যু নিবন্ধনে ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এ কারণে তাদের জনসাধারণের ক্ষোভের মুখে পড়তে হয় বলে জানান মেয়র। রবিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, দক্ষিণ সিটি করপোরেশনে একসময় অঞ্চল ছিল পাঁচটি। এখন হয়েছে ১০টি। অঞ্চল বাড়লেও জনবল বাড়েনি। দীর্ঘ ১৫ বছর আগে অঞ্চল প্রতি জন্ম-মৃত্যু নিবন্ধ প্রক্রিয়ার জন্য একজন লোক থাকার কথা, কিন্তু সব অঞ্চলে ছিল না। বর্তমানে দক্ষিণে পাঁচটি অঞ্চলে নির্ধারিত কর্মকর্তা রয়েছেন। তাও একজন কর্মকর্তাকে দুটি অঞ্চলে কাজ করতে হয়। এর বাইরে সার্ভার ভোগান্তি তো আছেই।
তাপস বলেন, নভেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়ায় চাপ থাকে। যে সময়ে দিনে সার্ভারে প্রবেশ করতে পারে না। কারণ অতিরিক্ত চাপ। যে কারণে দালাল চক্র সৃষ্টি হয়। সারা বছর সিটি করপোরেশনে যে কাজগুলো হয়, তার মধ্যে জন্ম নিবন্ধ একটি জানিয়ে তাপস বলেন, এই জন্ম নিবন্ধ প্রক্রিয়া নিয়ে আমরা সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ি। যদিও কিছু কিছু বিষয় আমাদের হাতে থাকে না প্রক্রিয়াগতভাবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের একটা গুরুত্বপূর্ণ কাজ। সিটি করপোরেশন জন্ম নিবন্ধ করে থাকে। সার্ভারে যদি জটিলতা হয়, সিটি করপোরেশনের কিছুই করার থাকে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. সামসুল আরেফিন প্রমুখ।
ইউডি/সুপ্ত

