জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির গণসমাবেশ: রিজভী
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:২০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয়। এই গণসমাবেশ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনের গ্যারান্টির জন্য। যা আওয়ামী লীগ কেড়ে নিয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, সমাবেশ পণ্ড করতে আপনারা (আওয়ামী লীগ) রাস্তায় যানবাহন বন্ধ করে দিচ্ছেন, পথে পথে বাধা দিচ্ছেন। হামলা-মামলা করে গ্রেপ্তার করছেন। তারপরও বিএনপির গণসমাবেশমুখী কাফেলা দিন দিন বেড়েই চলেছে। দিন রাত হেঁটে কিংবা ভ্যানে-ট্রলারে করে এসে সমাবেশে জড়ো হচ্ছেন হাজারো মানুষ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
ইউডি/সুপ্ত

