টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টাইগারদের বড় লজ্জা
উত্তরদক্ষিণ। সোমবার , ১৭ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৫০
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রস্তুতি আদতে কেমন হলো। ম্যাচ শেষে পরিষ্কার ধারণাই পাওয়া গেলো। ব্যাটিং-এ যে সেই পুরোনো রূপ। সোমবার (১৭ আগস্ট) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাব দিতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে তাদের থামতে হয় ৯৮ রানেই। হারতে হয় ৬২ রানের বড় ব্যবধানে।
১৬১ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১২ রানেই উইকেট হারান নাজমুল হাসান শান্ত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সৌম্য সরকার ১ রান করে ফেরেন মুজিব উর রহমানের বলে। এরপর ব্যাট করতে নামা সাকিব আল হাসান ১ ও আফিফ হোসাইন ০ রানে পরপর দুই বলে উইকেট হারান। একপ্রান্তে থিতু হয়ে থাকা মিরাজকে সঙ্গ দিতে নেমে কিছুক্ষণ টিকে থাকেন নুরুল হাসান সোহান। ৮ বলে ১৩ রান করে তিনিও বিদায় নেন ফরিদ আহমেদের বলে। এরপর মিরাজও আর থিতু হতে পারেননি। ৩১ বলে ১৬ রান করে নাভিন উল হকের শিকার হন তিনি। শেষদিকে এসে কিছুক্ষণ লড়াই চালিয়ে যান মোসাদ্দেক হোসেন। খেলেন ৩৩ বলে ২৯ রানের ইনিংস। মোস্তাফিজুর রহমান অপরাজিত থাকেন ১০ রানে। আফগানিস্তানের পক্ষে ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফজলহক ফারুকী। একটি করে উইকেট পান মুজিব ও নবি।

এর আগে, দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে শুরুটা ভালোই করে আফগানিস্তান। ১৬ বলে ১৫ রান করে জাজাই ফেরার কিছুক্ষণ পর ১৯ বলে ২৭ রান করে বিদায় নেন গুরবাজও। তবে তিনে ব্যাটিংয়ে নেমে দলকে এগিয়ে নিতে যেতে থাকেন ইব্রাহিম জাদরান। অপরপ্রান্তে ১২ রান করা ডারউইস রাসুলি অবশ্য উইকেট হারান তাসকিনের বলে। অর্ধশতক করার চার রান আগে উইকেট হারাতে হয় জাদরানকে। ৩ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মোহাম্মদ নবি ১৭ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে ২৪ রান খরচায় ২ উইকেট নেন হাসান মাহমুদ।
ইউডি/সুপ্ত

