দুর্নীতি আর দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন দেশ: রিজভী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অসত্যের ফানুস উড়িয়ে গণতন্ত্রকে হত্যা করে একটি সরকার ক্ষমতাসীন হয়ে গোটা দেশের মানুষকে জিম্মি করেছে। দেশ এখন দুর্নীতি আর দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন। মঙ্গলবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, দেশে নাকি খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু সরকার দেশের ফুড সিকিউরিটির কথা ভাবেনি। একদিকে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, অন্যদিকে সচিবের ভবন নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আসলে এসবই করছেন তিনি (প্রধানমন্ত্রী) এবং তার দলের লোকজনকে আর্থিক সুবিধা দিতে।
দেশ এক ভয়ংকর সংকটের মধ্যে পড়েছে দাবি করে রিজভী বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী এদেশের মানুষকে বিপদজনক পরিস্থিতির মধ্যে, ভয়ভীতির মধ্যে ফেলে দেয়ার কথা বলছেন। তিনি আসন্ন দুর্ভিক্ষের কথা বলছেন, খাদ্য সংকটের কথা বলছেন। একদিকে বলছেন খাদ্যের অপচয় রোধ করতে, অন্যদিকে আমরা দেখছি তার সরকারের লোকজন অর্থনীতির ভয়ংকর লুটপাট করছে। প্রধানমন্ত্রী যখন এ কথা বলছেন তখন কি মনে পড়ে তার জেলা পর্যায়ের ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ফরিদপুরে।
ইউডি/সুপ্ত

