১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস : ওবায়দুল কাদের

১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস : ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৫০

আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাস আওয়ামী লীগের, বিএনপির নয়। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস। বিজয়ের পতাকা হাতে লাখ লাখ মানুষ রাজপথে নামবে। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে।

ওবায়দুল কাদের বুধবার (১৯ অক্টোবর) বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ- শেখ রাসেল’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সাথে খেলবেন? আওয়ামী লীগের সাথে খেলায় পারবেন না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। ওবায়দুল কাদের বলেন, ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে। বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় যাওয়া যায় না। জনগণই আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরাও ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকবো। দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার পাল্টা জবাবে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে দুর্ভিক্ষের আশঙ্কা আছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে শেখ হাসিনা সেটাই বলেছেন। এখানে অন্যায় কী করেছেন? আর উনি (মির্জা ফখরুল) দেখেছেন বাংলাদেশের দুর্ভিক্ষ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে নাকি এখন দুর্ভিক্ষ হচ্ছে। কোথাও একজন মরেছে? সোমালিয়ায় মরেছে। সোমালিয়ায় গিয়ে দেখুন। বাংলাদেশকে সোমালিয়া বানাবেন না। বাংলাদেশ ইনশাল্লাহ সোমালিয়া-আফগানিস্তান হবে না। বাংলাদেশে সেই পরিস্থিতি হয়নি।
তিনি বলেন, সংকট আছে- সেটা প্রধানমন্ত্রী স্বীকার করেছেন। একটা লোকও মরেনি কিন্তু এ পর্যন্ত আল্লাহর রহমতে। আমাদের খাদ্য আছে, তেলের একটু সংকট আছে। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ব্রুনাই থেকেও জ্বালানি আনার ব্যাপারে সহযোগিতার চুক্তি হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading