টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৫৫

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলো জিম্বাবুয়ে। চলতি আসরের প্রথম পর্ব খেলা নিশ্চিত করেই মহা আনন্দে মেতেছিলো সিকান্দার রাজারা। এবার সেই আনন্দ আরও বাড়িয়ে দিলো সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করার মধ্য দিয়ে।

শুক্রবার ডু অর ডাই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নয় বল থাকতে ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। স্কটল্যান্ডকে আসর থেকে বিদায় করে দিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ সুপার টুয়েলভে।

গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হওয়ায় মূল পর্বে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ-২-এর বিপক্ষে। যে গ্রুপে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

স্কটল্যান্ডকে আসর থেকে বিদায় করে দিয়েছে জিম্বাবুয়ে

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। দলকে একাই টেনেছেন স্কটল্যান্ড ওপেনার জর্স মুন্সে। তিনি ৫১ বলে সাত চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন। টপ অর্ডারে অন্য দুই ব্যাটার ভালো খেলেননি। মিডল অর্ডারে রিচি বেরিংটন ১২ করে ফিরে যান। পাঁচে নামা কালাম ম্যাকলিওড ২৬ বলে করেন ২৫ রান।

জবাব দিতে নেমে ৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। তৃতীয় উইকেট জুটিতে ৩৫ রান যোগ করে দলটি। তবে চারে নামা শট উইলিয়ামসের তাতে অবদান মাত্র ৭ রান। ৪২ রানে ৩ উইকেট হারানো দলকে জয়ের কাছে এনে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা।

ওপেনার ক্রেগ আরভিনের সঙ্গে রাজা গড়েন ৬৪ রানের জুটি। ক্রিজে এসে সেট হওয়ার পর ঝড়ো শুরু করেন তিনি। ফিরে যাওয়ার আগে এই স্পিন অলরাউন্ডার ২৩ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন। সুবাস নাকে আসা দূরত্বে জয় রেখে ফিরে যান আরভিনও। তিনি খেলেন ৫৪ বলে ছয়টি চারে ৫৬ রানের দারুণ ইনিংস। পরের অল্প পথটা পাড়ি দেন মিল্টন সুম্বা ও রায়ান বার্ল।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading