‘স্বাধীনভাবেই কর্মকাণ্ড পরিচালনা করছে ইসি’
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৩০
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নেয়ার পর তারা কখনো চাপের মধ্যে ছিলেন না। স্বাধীনভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা। সোমবার (২৪ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা সিসি ক্যামেরা এভয়েড করেন। আবার কেউ কেউ মনে করে প্রাইভেসি নষ্ট করছে সিসি ক্যামেরা। বাসার সামনে, রাস্তা-ঘাটে; সব জায়গায় ক্যামেরা বসানো। যারা দুষ্কৃতকারী তাদের জন্য সিসি ক্যামেরা শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো তাদের মিত্র হিসেবে কাজ করে।
আহসান হাবিব খান বলেন, সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কেমন ফল পেয়েছি তা সবাই জানেন। এটা কতটা স্বচ্ছতা এনেছে, কুমিল্লা সিটিতে সুফল পেয়েছি, জেলা পরিষদ নির্বাচনেও পেয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনগুলোতেও ব্যবহার করব।
অন্য এক প্রশ্নের জবাবে এ কমিশনার বলেন, বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে অনিয়মের তদন্ত করেছে সংশ্লিষ্ট কমিটি। তারা কম্পাইল করছেন। অনেক বড় বিধায় তারা সময় (তিন দিন) চেয়েছে। কমিশন হয়ত সময় দেবে।
ইউডি/সুপ্ত

