টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের চোখ ‘হিরো’ খুঁজছে
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১২:৩০
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশারী দক্ষিণ আফ্রিকা। সিডনি ক্রিকেট গাউন্ডে আগামীকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুদল মাঠে নামবে। উভয়ের জন্যই এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে ২ পয়েন্ট আদায় করতে সক্ষম হলেও প্রোটিয়ারা জিম্বাবুয়ের বিপক্ষে নো রেজাল্ট ম্যাচে ১ পয়েন্ট পায়। তাতে তাদের জন্য এই ম্যাচ আরও বেশি গুরুত্ব বহন করে।
যদিও দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বেশ নির্ভারই দেখা গেলো সাকিবকে। তাই বলে প্রোটিয়াদের হালকা ভাবে নিচ্ছেন সেটিও নয়। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেন, এই ম্যাচেও তাসকিনের মতো বীরত্ব দেখাতে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে, দেখুন টি-টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা। সো মোমেন্টাম ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। আর টি-টোয়েন্টি ম্যাচ থেকে সাধারণত ওয়ানডেতে পারফর্মারের সংখ্যাটা বেশি। টি-টোয়েন্টিতে অত বেশি সুযোগ নেই, কম পারফর্মার থাকবে। কিন্তু ওদের পারফরম্যান্স একটু বড় হতে হয়। সো আমি এটা আশা করছি, কাল আমাদের জন্য আরেকটা সুযোগ। যে এগারো জন খেলবে তার মধ্যে থেকে কারো একজনের হিরো হওয়ার সম্ভাবনা আছে।

প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলে সবকটি হেরেছে বাংলাদেশ। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও প্রোটিয়াদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল। সিডনিতে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ সাকিবদের সামনে। সাকিব বলেছেন, সব জায়গায় উন্নতির জায়গা রয়েছে, আসলে উন্নতির তো শেষ নাই। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জ্ঞানের যেমন শেষ নেই, উন্নতিরও শেষ নেই।
সহযোগী সদস্য নেদারল্যান্ডের বিপক্ষে খুব সহজে জিততে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিংয়ে ভুগতে হয়েছে। তবে আগের ম্যাচের ভুল শুধরে প্রোটিয়াদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে আশাবাদী সাকিব, আমি যেটা বললাম যে ওপেনারদের সুযোগ আছে ২০ ওভার ব্যাটিং করার, কেন তারা করতে পারবে না। আমি বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, কেন আমরা ১০ উইকেট নিতে পারবো না। সো আমাদের মাইন্ডসেটটাই থাকবে ওরকম। আমরা খোলা মনে যেতে চাই, উপভোগ করতে চাই, আক্রামণাত্মক থাকতে চাই। অবশ্যই এক্সাইটিং ক্রিকেট খেলা আমাদের লক্ষ্য। দিন শেষে হাসি মুখে ফিরে আসতে চাই।
ইউডি/সুপ্ত

