ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী: দেশ ও মানুষের কথা ভাবুন

ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী: দেশ ও মানুষের কথা ভাবুন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৪০

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের ‘দেশ ও মানুষের কথা’ ভাবতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ অক্টোবর) গণভবনে ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সরকারপ্রধানের এ আহ্বান আসে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ এ সরকার গঠনের পর, আমাদের ব্যবসায়ীরা সে যে দলেরই হোক, আমরা কিন্তু ওখানে দল বাছতে যাইনি। যে দলেরই হোক, যাতে তারা ব্যবসাটা ব্যবসায়ী হিসেবে করতে পারে, সেই পরিবেশটা কিন্তু আমি সৃষ্টি করে দিয়েছি। তিনি বলেন, এখানে কোন হাওয়া ভবনও নেই, আর পিএমওতে (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) কোনো উন্নয়ন উইংও নাই, যে হাওয়া ভবনে এক ভাগ দিতে হবে, উন্নয়ন ভবনে এক ভাগ দিতে হবে বা অমুক জায়গায় দিতে হবে। এই যন্ত্রণায়তো আপনাদের ভুগতে হয় না এখন আর। এটাতো আপনারা নিশ্চয় স্বীকার করবেন। সেই যন্ত্রণা থেকে তো সবাই মুক্ত।

ব্যবসায়ীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, এখন প্রফিটের ব্যাপারে চিন্তা করেন। আগে তো একটা বড় অংশ হাওয়া হয়ে যেত। এখন আর সেই হাওয়া হওয়ার ব্যবস্থাটা নাই। সেখান থেকে সবাইকে মুক্ত রেখেছি। তো সেটাই মাথায় রেখে যদি মনে করেন যে– না, দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে…।

আওয়ামী লীগ টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকায় যে ধারাবাহিকতা তৈরি হয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, এতদিন এই ১৪ বছর একটানা ধারাবাহিকভাবে আপনারা লাভজনক ব্যবসাটা করে গেছেন। করোনার সময় প্রণোদনা দিলাম, বিশেষ প্রণোদনা, আমার কাছে কেউ এসে দাবি করেননি। কেউ বলে নাই। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার একটা টিম খুব ভালো কাজ করছিল– যে কোথায় কি করা যেতে পারে। আমার অর্থনীতির চাকাটাকে চলমান রাখতে হবে।

গণভবনে ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, মহামারীর মধ্যে পৃথিবীর অনেক উন্নত দেশযখন তাদের কারখানা বন্ধ রেখেছিল, বাংলাদেশে তার সরকার তখন চালু রাখার সিদ্ধান্ত নেয়। শ্রমিকদের বেতন, এই যে গার্মেন্টস, তার বেতন তো আমি দিয়ে দিলাম সব। প্রণোদনা প্যাকেজ করলাম, বিশেষ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করলাম।

ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গণভবনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading