বরিশালে বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘট

বরিশালে বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘট
সম্প্রতি ময়মনসিংহে বিএনপির সমাবেশের দিন ছিল অঘোষিত ধর্মঘট। এদিন সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৮:০২

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ। এর ঠিক ১০ দিন আগেই দেওয়া হলো পরিবহন ধর্মঘটের ডাক। সমাবেশের আগের দিন শুরু হবে ৪৮ ঘণ্টার এই ধর্মঘট।

দাবি তোলা হয়েছে মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধের। যদিও বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির সমাবেশের সঙ্গে এই ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। এমনকি তারা জানেনও না বিএনপির সমাবেশ কবে। তারা শুধু চান মহাসড়ক থেকে অবৈধ তিন চাকার যানবাহন তুলে দেওয়া হোক।

বুধবার (২৬ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধভাবে এসব যানবাহন চলছে মহাসড়কে। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় থ্রি-হুইলারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

‘যাত্রী সাধারণের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যে থ্রি-হুইলার চলাচল বন্ধ না করা হলে ৪ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক, দূরপাল্লারসহ সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে’, বলেন তিনি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে যে সমাবেশের ডাক দিয়েছে, তাতে বরিশালের কর্মসূচিটি হবে ৫ নভেম্বর। এর আগে ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ ও ২২ অক্টোবর খুলনায় সমাবেশ করে তারা।

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ কীভাবে বানচাল করা যায় সেই চেষ্টা করা হচ্ছে সব দিক থেকে। কেন তাদের ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধ রাখতে হবে? ৫ নভেম্বর বিএনপির সমাবেশে যাতে কেউ আসতে না পারে সেদিকে নজর রেখেই এসব ষড়যন্ত্র।’

বিএনপির সমাবেশের কথা জানি না: বাস মালিক সমিতি

বরিশালে বাস ধর্মঘটের যে সিদ্ধান্ত, তার সঙ্গে বিএনপির সমাবেশের সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে মালিক সমিতির পক্ষ থেকে। সমিতির নেতা কিশোর কুমার দে এও বলেছেন, ‘বিএনপি সমাবেশ করছে কি না বা কবে করছে সেটা আমরা কিছুই জানি না।

‘থ্রি হুইলার বন্ধের দাবি ও বাস ধর্মঘটের বিষয়টি আরও সাত দিন আগে থেকে মিটিং চলছে। আমাদের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই’, দাবি করেন তিনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading