নির্বাচনের আগে খালেদাকে জেলে পাঠানোর চিন্তা নেই: আইনমন্ত্রী

নির্বাচনের আগে খালেদাকে জেলে পাঠানোর চিন্তা নেই: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত বাতিলের চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার (খালেদা জিয়া) দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে তাকে যে মুক্তি দেয়া হয়েছে, তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’

আগামী জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা নেই কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না।’

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ আগের শর্তে আরও ৬ মাসের জন্য স্থগিত করে গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ নিয়ে খালেদা জিয়ার ১৭ বছরের সাজা ষষ্ঠবারের মতো স্থগিত করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া। রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ওই বছরের অক্টোবরে সাজা বেড়ে দ্বিগুণ হয় বিএনপি নেত্রীর। একই মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আরও ৭ বছরের সাজা হয় তার।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading