সিনেমার মাহি এবার ভিন্ন পরিচয়ে

সিনেমার মাহি এবার ভিন্ন পরিচয়ে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৯:১৫

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি এবার নাম লেখালেন রাজনীতির মাঠে। তিনি দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের। দুই বছরের জন্য এ দায়িত্ব সামলাবেন তিনি। পাশাপাশি সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়কেরও দায়িত্ব পেয়েছেন এ অভিনেত্রী ।

মাহিয়া মাহির জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। জন্মদিনের প্রহর আসার ঘণ্টাখানেক আগে নিজের ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন লিখে দুটি ছবি পোস্ট করেন এই নায়িকা। ছবি দুটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের পাতা, যেখানে মাহিয়া মাহিকে এ দুটি পদ দেওয়ার কথা বলা হয়েছে।

স্বামীর পক্ষে রাজনৈতিক প্রচারণায় সক্রিয় মাহি

গত ২৬ অক্টোবর সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে তাকে পদ দেওয়ার কথা জানানো হয়। এ দায়িত্ব পাওয়ার পর মাহি গণমাধ্যমকে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও সরাসরি কোনো রাজনৈতিক সংগঠনে কাজ করার ইচ্ছা আপাতত নেই।

মাহির স্বামী রাকিব সরকার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য। আসন্ন সম্মেলনে গাজীপুর বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকিব। স্বামীর পক্ষে প্রচারণায় সক্রিয় দেখা গেছে এ নায়িকাকেও।

মাহি গণমাধ্যমকে বলেন, আমি যেহেতু সিনেমার মানুষ, সংস্কৃতিকে ভালোবাসি। এজন্যই মনে হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দায়িত্বে থেকে সংস্কৃতির নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ হবে। ভবিষ্যতে সরাসরি রাজনৈতিক সংগঠনে সক্রিয় হবেন কি না প্রশ্নে তার উত্তর, সামাজিক, সাংস্কৃতিক কাজের সাথেই থাকতে চাই। রাজনীতি আমি খুব ভালো বুঝি না। বঙ্গবন্ধুর আদর্শ, নীতি আমাকে ভীষণ রকম অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই বিভিন্ন সাংস্কৃতিক কাজে যুক্ত থাকতে চাই।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading