টি-টোয়েন্টি বিশ্বকাপ: জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের আশা বাঁচানোর ম্যাচ
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ অক্টোবর ২০২২। আপডেট ২২:৫০
দক্ষিণ আফ্রিকা ম্যাচের দুঃস্মৃতি ভুলে নতুনভাবে আত্মবিশ্বাসী হয়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ব্রিসবেনে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমির আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা। বাংলাদেশ সময় রবিবার সকাল ৯টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জয়ী হওয়া বাংলাদেশ পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে রেকর্ড ব্যবধানে হারের লজ্জা পায়। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে হারলে টাইগারদের সেমিফাইনালে খেলার আশা কঠিন হবে।

ক্রিকেটের কোন ফরম্যাটে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের তুলনা হয় না বলেই কয়েক মাস আগেও ধারনা করা হচ্ছিল। কিন্তু এই ফরম্যাটে হঠাৎ করেই পূর্ব আফ্রিকান দেশ জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হওয়ায় পরিস্থিতির পাল্টে গেছে। বছরের পর বছর সংগ্রাম-বিভিন্ন সমস্যা এবং দুর্বল ক্রিকেট সংস্কৃতির পরও পরিকল্পনার সাথে ঘরোয়া ক্রিকেটে অনেক শ্রম দিয়েছে জিম্বাবুয়ে। পরিশ্রমের ফল পাচ্ছে তারা। তবে জিম্বাবুয়ের দুর্দান্ত জয় ও আগের ম্যাচে বাংলাদেশের হারে চিন্তিত নন দলের টেকনিক্যাল পরামর্শদাতা শ্রীধরন শ্রীরাম। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরও মানসিকভাবে শক্ত আছেন তারা।
এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জয়ের পাল্লা ভারী টাইগারদের। ১২টিতে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় ৭টিতে। সব মিলিয়ে ১৪১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৯০টিতে হেরেছে তারা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।
ইউডি/সুপ্ত

