জাতির সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে যুবসমাজ : প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিব এ দেশের যুবদের বুকে অদম্য শক্তির যে বহ্নিশিখা প্রজ্বলিত করে গেছেন, মানুষের জন্য কাজ করার যে প্রেরণা তিনি যুগিয়েছেন, সেই প্রেরণা নিয়ে এদেশের যুবসমাজ মাথা উঁচু করে সামনের দিকে অগ্রসর হয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে- এ প্রত্যাশা করি।
আগামীকাল ‘জাতীয় যুব দিবস-২০২২’ উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বলে তিনি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সময়োপযোগী হয়েছে বলে মনে করেন তিনি। এ উপলক্ষে তিনি বাংলাদেশের তারুণ্যদীপ্ত যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করে লাল-সবুজের একটি নতুন দেশ সৃষ্টি করে এদেশের যুবসমাজ। যুবদেরকে তিনি সংগঠিত করেছিলেন দেশপ্রেমের মহান দীক্ষায়। জাতির পিতা স্বাধীনতা অর্জনের পর দেশ পুনর্গঠনেও যুবসমাজকে কাজে লাগান এবং শিক্ষিত ও কর্মদক্ষ যুবসমাজ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন ও রূপরেখা প্রণয়ন করেন। পঁচাত্তরের পনেরই আগস্ট স্বাধীনতা বিরোধীচক্র জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশের যুবসমাজকে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার পথে ঠেলে দেয়ার অপচেষ্টা চালায়।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই জনমিতিক সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকারের নির্বাচনি ইশতেহার-২০১৮ এ যুব সম্পর্কিত অঙ্গীকার ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধিকে বিবেচনায় নিয়ে যুবদেরকে উৎপাদনশীল কর্মকান্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে নতুন নতুন প্রশিক্ষণ কোর্স, প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং প্রতি উপজেলায় যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র স্থাপনের প্রকল্প নেয়া হয়েছে।
তিনি বলেন, সরকার যুবদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলার জন্য ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে সারাদেশে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার ও বিশেষায়িত ল্যাব স্থাপন করছে। আমরা চাই আমাদের যুবদেরকে দেশপ্রেম, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আধুনিক বিজ্ঞানমনস্ক সচেতন নাগরিকরূপে গড়ে তুলতে। প্রধানমন্ত্রী ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
ইউডি/সুপ্ত

